কাঠমান্ডু, ১৮ আগস্ট ২০২৫ (দৈরাস):
হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) পার্লামেন্টারিয়ানস মিট ২০২৫-এ অংশ নিতে বাংলাদেশি একটি প্রতিনিধিদল কাঠমান্ডু পৌঁছেছে।
গতকাল রোববার (১৭ আগস্ট) বিকেলে পৌঁছানো এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
বাংলাদেশি প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ন্যাশনাল সিটিজেন পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক।
আজ সোমবার শুরু হতে যাওয়া এই সম্মেলনে নেপাল, ভারত, চীন, ভুটান, মিয়ানমার ও পাকিস্তান থেকেও সংসদীয় প্রতিনিধিরা অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেপালের স্পিকার দেবরাজ ঘিমিরে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এ অধিবেশনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী, অরণ্য ও পরিবেশ মন্ত্রী এবং আইসিমড মহাপরিচালক পেমা গায়মাত্সোসহ বিভিন্ন দেশের বিশেষ অতিথিরাও যোগ দেবেন।