।। শাহিন বিশ্বাস ।।
সাতক্ষীরা, ২৮ জুলাই ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরার পাটকেলঘাটার কাশিয়াডাংগা দাখিল মাদ্রাসায় ‘নিরাপদ খাদ্য’ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা অফিসের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার দিপঙ্কর দত্ত।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর রথিন্দ্র নাথ সরকার।
সেমিনারে খাদ্যের নিরাপদতা, খাদ্যে ভেজাল শনাক্তকরণ ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা উপস্থাপন করা হয় এবং শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নিরাপদ খাদ্য নিয়ে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।