।। শাহিন বিশ্বাস ।।
খুলনা, ৪ মে ২০২৫ (দৈরাস):
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে প্রায় ১ কেজি ১৯২.৬৯ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুভ ঘোষ (৩২) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
এ ব্যাপারে এক প্রেস ব্রিফিং-এ সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা চেকপোস্টে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন হিসেবে শুভ ঘোষকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে তার শরীরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৯২.৬৯ গ্রাম এবং যার বাজারমূল্য আনুমানিক এক কোটি বিশ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।