।। শাহিন বিশ্বাস ।।
খুলনা, ৯ মার্চ ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরার তালায় ছিনতাইয়ের অভিযোগে আবু সাইদ সরদার নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করেছে। তিনি মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে।
সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে দীপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে তালার মাগুরা বাজারে আবু সাইদকে আটক করা হয়। পরে স্থানীয়রা তাঁকে জুতার মালা পরিয়ে তালা থানার পুলিশের হাতে তুলে দেন।
তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন জানান আবু সাইদ এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এক সময় তিনি সরকারি দলের ছত্রছায়ায় ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির নেতা হিসেবে পরিচিত হন।
অভিযোগ রয়েছে, তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবু সাইদকে আটক করে থানায় নিয়ে আসে।