ব্রাহ্মণবাড়িয়া, ৬ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
ব্রাহ্মণবাড়িয়ায় ‘ফাইভ স্টার ক্লাব’র অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌছে দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে পৌর এলাকার সাবেরা সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ শিবিরে অন্তত ৩০০ জন সেবা নিতে আসেন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও মো. খালেদ হাসান আজাদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূইয়া, বিএনপি নেতা জসিম উদ্দিন রিপন, আলী আজম,ওমর ফারুক, নূরে আলম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে মানুষের চক্ষু চিকিৎসা নিশ্চতের ঠিকানা হয়ে উঠেছে এই সংগঠনটি। তারা প্রতি মাসের প্রথম শুক্রবার যেভাবে মানুষের সেবা দিচ্ছে তা সকলের জন্য অনুকরণীয়। তিনি বলেন, বিএনপি জনসেবামূলক কাজে সব সময় পাশে থাকে। সংগঠনটির পক্ষ থেকে চক্ষু চিকিৎসা সেবার জন্য যে হাসপাতাল গড়ে তোলার জন্য দাবি উঠেছে বিএনপি এবং তিনি ব্যক্তিগতভাবে এর সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন।
তিনি আরও বলেন, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের আর্থিক অস্বচ্ছতার কারনে চোখে চিকিৎসা করতে পারছেন না। আর এই কারনে মানুষ নানা কষ্টে জীবনধারণ করতে হচ্ছে। কিন্তু অনেক বছর ধরে এই সংগঠনের মাধ্যমে এই মানুষেরা বিনামূল্যে ও স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারতেছে। এজন্য এই সংগঠনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান এবং এই রকম সমাজসেবামূলক কাজে সকল শ্রেণীর মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, চিকিৎসা শিবিরে ২৫০ জন নারী-পুরুষকে অপারেশনের জন্য বাছাই করা হয়। তারা স্বল্প খরচে তাদের অপারেশন সম্পন্ন করবেন।