।। টি, এম শরীফ উদ্দিন ।।
সিরাজগন্জ, ৪ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
সিরাজগঞ্জ শহরে হেরোইনসহ বাবু শেখ(৪৫) নামে সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ শহরের মাদকপল্লী হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত বাবু শেখ মৃত দানেজ শেখের ছেলে এবং সিরাজগঞ্জ পৌর এলাকার সাজা প্রাপ্ত প্রখ্যাত মাদক ব্যবসায়ী।
সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমিন বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে ৩২ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেপ্তার করেন এবং রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।’
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বুধবার (৪ ডিসেম্বর) সকালে বলেন, ‘চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা একটি মাদক মামলায় বাবু শেখকে ৬ বছরের কারাদণ্ড দেন।
এরপরও তিনি এলাকায় থেকে গোপনে মাদক ব্যবসা রমরমা ভাবে চালিয়ে যাচ্ছিলেন। তাকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।