মোঃ হাবিবুর রহমান:
শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার (১০ জানুয়ারি, ২০২৪ ইং) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানোর আগে এমপি হিসেবে প্রথমে শপথ নেন ড. শিরীন শারমিন চৌধুরী।
এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। পরে সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।
পরে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার।
বিএনপিসহ তাদের বলয়ে থাকা বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২ আসনে জয়ী হয়। দশম এবং একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয়ী হয় ১১ আসনে।
এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়লাভ করেন। আওয়ামী লীগের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর পর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।