মোঃ আবু হায়াত, জয়পুরহাট উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাট-১ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগের কম বা শতকরা হিসেবে সাড়ে বারো শতাংশ ভোটের কম ভোট কোনো প্রার্থী পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।
সেক্ষেত্রে জামানত হারানো প্রার্থীরা হলেন- স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী একেএম রায়হান মন্ডল মনু (৬ হাজার ৬২৬ ভোট), স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোঃ জহুরুল ইসলাম (৫ হাজার ৪৬০ ভোট), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী একেএম মোয়াজ্জেম হোসেন (১ হাজার ৩২৯ ভোট), ন্যাশন্যাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী মোঃ রুকুনুজ্জামান (৫০৯ ভোট), তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোঃ মাসুম (৪৭০ ভোট)।
তবে আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম দুদু (নৌকা প্রতীক) ৯৬ হাজার এক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
উক্ত আসনে ৪৮ হাজার ২২৫ ভোটের ব্যবধানের নৌকার প্রার্থী বিজয়ী হয়ে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।