॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ০৩ অক্টোবর ২০২৪ (দৈজাস):
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা লক্ষ্যে গঠিত ‘কমিটি’ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সভাপতি ও ডিএসসিসির প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে বিদ্যমান পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেছে।
তিনি বলেন, কমিটির মাধ্যমে এই করপোরেশন পরিচালনার জন্য আপনাদের ওপর গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আপনাদের সকলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সে লক্ষ্যে আজকের এই সভা আহবান করা হয়েছে। আমি আপনাদের সকলের অব্যাহত সহযোগিতা ও সুচিন্তিত মতামত কামনা করছি।’
এ সময় কমিটির সদস্যবৃন্দ বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সড়ক বাতির সচলতার (জ্বালানো) ওপর জোর দেওয়ার পাশাপাশি বন্ধ বা নষ্ট হওয়া সড়ক বাতিগুলো যেন যথাসময়ে সংস্কার বা পরিবর্তনের ওপর জোর দেয়।
উল্লেখ যে, গত ২৬ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে।