মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
গত (১৮ ডিসেম্বর, ২০২৩ ইং) তারিখ তিতাস থানার রঘুনাথপুুর গ্রামের জনৈক রুজিনা আক্তার(৩১) স্বামীর হত্যার বিচার চেয়ে বাদী হয়ে তিতাস থানার মামলা নং-১০, তারিখ-১৯/১২/২০২৩খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ড বিধি রুজু করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ সুপার, কুমিল্লা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুমিল্লা ও তিতাস থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায় অত্র মামলার ভিকটিম মৃত মোস্তফা কামাল(৩৩), এজাহারভুক্ত আসামী সাইদুল(৩৬), নাজিম উদ্দিন(৩৯) ও মোঃ মাইন উদ্দীন একই গ্রামের বাসিন্দা ও সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। কিছুদিন পূর্বে ডাকাতির টাকা পয়সা ভাগাভাগিকে কেন্দ্র করে ভিকটিম মোস্তফা কামালের সাথে সাইদুল, নাজিম ও মাইন উদ্দীন এর কথা কাটা-কাটি ও একপর্যায়ে মারামারি হয়। এর ফলে তাদের মাঝে শত্রুতার সূত্রপাত ঘটে।
এ প্রেক্ষিতে সাইদুল, নাজিম ও মাইন উদ্দীন ভিকটিম মোস্তফা কামালের উপর ক্ষুব্ধ ছিলো যার ফলে বিরোধ তৈরি হয়। উক্ত বিরোধের জের ধরে গত (১৮ ডিসেম্বর, ২০২৩ ইং) তারিখ দুপুর অনুমান ১৫ঃ৪৫ ঘটিকার সময় নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামস্থ জনৈক হোরন মিয়ার চায়ের দোকানের সামনে তাস খেলারত অবস্থায় আসামী সাইদুল ও নাজিম উদ্দীন উভয় মিলে ভিকটিম মোস্তফা কামালকে ঘাড়ে, মাথায় ও কপালে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে। তৎক্ষণাত আসামীরা পালিয়ে আত্ত্বগোপনে চলে যায়।
পরবর্তীতে নিরবচ্ছিন্ন তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত (৩০ ডিসেম্বর, ২০২৩ ইং) তারিখ এই চৌকস টিমটি এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামী মোঃ নাজিম উদ্দীন (৩৯), পিতা- মনু মিয়া, সাং-খোশকান্দি, থানা-তিতাস, জেলা- কুমিল্লাকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন নারায়নপুর বাজার হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ধৃত আসামী মোঃ নাজিম উদ্দীন (৩৯) এর দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত প্রাপ্ত অপর আসামী রুমন ব্যাপারী @সুমন (৩৮) কে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানা বাস স্টান্ড এলাকা হতে সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, অত্র মামলার ভিকটিম মৃত মোস্তফা কামাল ও আসামী, নাজিম উদ্দীন, মাইন উদ্দীন ও সুমন সহ অজ্ঞাত সকল আসামী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির প্রস্তুতি গ্রহণ মামলা আছে।
উল্লেখ্য যে, অত্র মামলার ভিকটিম মৃত মোস্তফা কামাল এই বছরের মার্চ মাস থেকে তিতাস থানার ৬নং ভিটিকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।