সিরাজদিখান (মুন্সিগঞ্জ), ০৯ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভি.ডব্লিউ.বির কর্মসূচির ১৩৬ জন দরিদ্র উপকারভোগী নারীদের মাঝে ৩০ কেজি করে তিন মাসের ৯০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত ২০২৩-২০২৪ চক্রের ভি.ডব্লিউ.বির কর্মসূচির আওতায় সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে ইউনিয়নের ১৩৬জন দরিদ্র উপকারভোগী নারীদের মাঝে ৩০ কেজি করে তিন মাসের ৯০ কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা.গুল রাওশান ফেরদৌস, রশুনিয়া ইউপি চেয়্যারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, রশুনিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহীন হাওলাদার, ৫নম্বর ওয়ার্ড সদস্য মো. ইকবাল নিদার,৬নম্বর ওয়ার্ড সদস্য অহিদুল ইসলাম,৭নম্বর ওয়ার্ড সদস্য জয়ন্ত ঘোষ, ৮নম্বর ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নারী ও পুরুষ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. গুল রাওশান ফেরদৌস বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারীরা দুই বছর মেয়াদে (২০২৩-২৪) বিনামূল্যে মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন। শুধু খাদ্য সহায়তাই নয়, উপকারভোগী প্রত্যেকের নিজস্ব একটি ব্যাংক হিসাবও খুলে দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে। চাল নেয়ার সময় এই অ্যাকাউন্টে ২২০ টাকা জমা করছেন উপকারভোগীরা। যা হবে তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রাথমিক মূলধন গঠন।