।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ২৪ আগস্ট, ২০২৪ (দৈজাস):
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের জন্য পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন গঠন, আদিবাসীদের নিরাপত্তা সহ ৮ দফা দাবিতে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস।
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জয়পুরহাটে শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে আদিবাসীদের একটি র্যালী শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালী শেষে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদিবাসী সংঘের সভাপতি ও আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক আদিবাসী প্রবীণ নেতা কার্ত্তিক চন্দ্র সিং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর লেপটেন্যান্ট লে. কর্নেল জুবায়ের শফিক এসজিপি,পিএসসি।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি চক্র বাংলাদেশের শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টি করতে চেয়েছিল।
জুবায়ের শফিক বলেন, সরকারের চেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
তিনি আরো বলেন, আদিবাসী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বৈষম্য ও সহিংতা নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে সহযোগিতা কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রেজা, আদিবাসীদের উপদেষ্টা সরদার আলিউর রেজা।
আদিবাসীদের মধ্যে ৮ দফা দাবীর উপর বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী সংঘের সমন্বয়ক ও জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা কমিটির রতন কুমার সিং, আদিবাসী সংঘের সাধারণ সম্পাদক সতীশ পাহান প্রমূখ।