॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ২২ আগস্ট, ২০২৪ (দৈজাস):
বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কূটনৈতিক পাসপোর্ট Revoke ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা বৃহস্পতিবার (২২ আগস্ট) জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
কূটনৈতিক পাসপোর্ট Revoke ও সমর্পণের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জারিকৃত নির্দেশনা নিম্নরূপ:
(ক) প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রাক্তন মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সকল সদস্যসহ যে সকল ব্যক্তিবর্গ কোন পদে অধিষ্ঠিত থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাবার যোগ্য বলে বিবেচিত হওয়ায় কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন, উক্ত পদে তাঁদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাঁদের এবং তাঁদের স্পাউসগণের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে Revoke করতে হবে;
(খ) উল্লিখিত ব্যক্তিদের মধ্যে যাঁরা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দু’টি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এর মহাপরিচালক বরাবর আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব মোঃ কামরুজজামান স্বাক্ষরিত পত্র হতে এ তথ্য জানা যায়।