নাটোর, ৩০ মার্চ, ২০২৪ (দৈরাসং):
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক’র অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, নাটোর এবং উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক শনিবার (৩০ মার্চ, ২০২৪ ইং) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১টা থেকে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় অবস্থিত স্মৃতি কসমেটিক্সকে (স্বত্বাধিকারীঃ প্রশান্ত কুন্ডু) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত শিউলি কসমেটিক্সকে (স্বত্বাধিকারী: জহুরুল) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিকস সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত ওয়ারিছিয়া স্টোরকে (স্বত্বাধিকারী: মো: হায়দার আলী) আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ৩ হাজার টাকাসহ সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
নাটোর জেলার বাগাতিপাড়া থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ সহকারী পরিচালক।