রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলার আক্কেলপুর কলেজ বাজার এলাকার রোজাদারদের সাহ্রি ও ইফতার বিনামূল্যে পরিবেশন করে রফিক হোটেল। বিগত ৮ বছর ধরে হোটেলের মালিক রফিকুল ইসলাম পবিত্র মাহে রমজান মাসে এ সেবা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারের রমজানেও রফিকের হোটেলে প্রতিদিন গড়ে শতাধিক ব্যক্তিকে সাহ্রি ও ইফতারি খাওয়ানো হচ্ছে।
অনেকেই ইফতারি ও সাহ্রি খেয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন, তবে হোটেল মালিক রফিকুল রোজাদারদের কাছ থেকে ইফতারি ও সাহ্রির টাকা নেন না। রমজান মাসে রফিকুল ইসলামের এমন উদ্যোগে এলাকাবাসী খুশি।
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, আমি বছরের ১১ মাস ব্যবসা করি, সেখান থেকে রমজান মাসের জন্য টাকা জমিয়ে রাখি। জমানো টাকায় রমজানে ইফতারি ও সাহ্রি খাওয়াই। প্রতিদিন শতাধিক রোজাদার আমার এখানে ইফতারি ও সাহ্রি করেন। রমজান মাসে এমন সেবা দিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। যত দিন বেঁচে থাকব, তত দিন এই পবিত্র মাহে রমজান মাসে রোজাদার ব্যক্তিদের মেহমানদারি করতে চাই।
ইফতারিতে খাবার তালিকায় রাখা হয়- গরুর মাংসের বিরিয়ানি ও সালাদ। সাহ্রিতে সপ্তাহে তিন দিন গরুর মাংস থাকে। চার দিন ডিম, মাছ, ভাজি ও ভর্তা খাওয়ানো হয়।