নাটোর প্রতিনিধি:
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক মঙ্গলবার (১৯ মার্চ, ২০২৪ ইং) নাটোর জেলার সদর উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় অবস্থিত শামীম স্টোরকে (স্বত্বাধিকারীঃ মো: শামীম হোসেন) ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ অপরাধে ৫ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত এস এ আলম ফার্মেসীকে (স্বত্বাধিকারী: মো: শাহ আলম) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৭ হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ সহকারী পরিচালক।