মীর ইকবাল হোসেন, বেনাপোল প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার (১৭ মার্চ, ২০২৪ ইং) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালক রেজাউল করিম ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
রেজাউল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হবে না। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিলো।
এ ছাড়া বন্দর থেকে আমদানি পণ্য খালি করা ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা ছিলো।