দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শেরপুর জেলার শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
মন্দির পরিদর্শনকালে তিনি দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, ধর্ম যার যার, দেশ সবার। দুর্গাপূজা আমরা সবাই মিলে একসঙ্গে উদযাপন করব। দুর্গাপূজায় আইন শৃংখলা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে।
তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করছেন। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে।
মন্ত্রী আরও বলেন, অতীতের নির্বাচনে জনগণের কাছ থেকে যে শতভাগ সমর্থন ও ভালোবাসা পেয়েছেন, সেই সমর্থন ও আস্থা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সে প্রত্যাশা তাঁর রয়েছে।
তিনি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সবার সম্মিলিত প্রচেষ্টায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে উৎসবকে আনন্দমুখর করে তোলার আহ্বান জানান।
এর আগে মন্ত্রী শেরপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা প্রশাসক গোল্ড কাপ ২০২৬ এর ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন।