রাজশাহীর গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল, পূর্বের পোস্টপেইড মিটার পুনর্বহাল এবং বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি বন্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ গেট থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি গোদাগাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে বিক্ষোভ-সমাবেশে মিলিত হয়।
প্রতিবন্ধী সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ীর সভাপতি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম অহিদ, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটির সদস্য সানমুন মধু ও সুমন আলীসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন ভোগান্তি ও হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এ কারণে প্রিপেইড মিটার বাতিল করে পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান তারা।
আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— গ্রাহক শোষণ ও হয়রানি বন্ধ, সাশ্রয়ী মূল্যে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ খাত বেসরকারীকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের স্থায়ী ও জনবান্ধব সমাধান এবং বিদ্যুৎ খাতের অতীত ও বর্তমান দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ।
এছাড়া বিদ্যুৎ গ্রাহকদের নামে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন বিদ্যুৎ ব্যবস্থা তারা মেনে নেবেন না। প্রিপেইড মিটার বাতিলসহ তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মশাল মিছিল ও সমাবেশকে ঘিরে গোদাগাড়ীতে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।