বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর আজ ছিল দ্বিতীয় দিন। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বইমেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের বই পাওয়া যাচ্ছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনে মেলা জমে উঠেছে, মেলায় কথা হয় জিনিয়াস পাবলিকেশনের দায়িত্বে থাকা মাহমুদ বিন শরীফ সঙ্গে।
তিনি জানান, জাহাঙ্গীর শিকদারের লেখা ‘সোনালি যুগের জিয়াউর রহমান’, মো. সহিদুল ইসলাম সুমনের লেখা ‘বীর উত্তম জিয়াউর রহমান’, এই লেখকের আরেকটি বই ‘তারেক রহমানের ভাবনায় পার্বত্য চট্টগ্রাম’, শাহেদ শফিকের লেখা ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া’সহ আরও অনেক বই রয়েছে।
মেলায় বই দেখতে আসা একজন পাঠক আমলগীর হোসেন, পেশায় একজন মনোবিজ্ঞানী।
তিনি বলেন, তরুণ প্রজন্ম আজ বই বিমুখ হয়ে গেছে। তারা কোনো কিছু যাচাই-বাছাই ছাড়াই ফেসবুকে হুটহাট স্ট্যাটাস দিয়ে দেয়, তথ্যটি সঠিক নাকি ভুল সেটি না জেনেই। এসব কারণকেই তরুণ প্রজন্মে বই বিমুখ হওয়ার জন্য দায়ী বলে তিনি মনে করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শের ওপর রচিত বই এবং জিয়াউর রহমানের জীবনভিত্তিক সাহিত্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এই মেলার আয়োজন করেছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সহ-সভাপতি ও মেলার আহ্বায়ক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।