মুন্সীগঞ্জ, ১৮ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে পশ্চিম চান্দেরচর এলাকার লেক্কু মার্কেট সংলগ্ন কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার দুপুরে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপির সভাপতি শহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে একটি সিঙ্গার কোম্পানির স্মার্ট টিভি, একটি টেবিল, আটটি চেয়ার, একটি দেয়াল ফ্যান এবং দলীয় গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। থানায় অভিযোগ করেছি, এ ঘটনার সাথে যারা জড়িত পুলিশ খতিয়ে দেখছে।
বালুচর ইউনিয়নের বিএনপির আহবায়ক মো.আব্দুল লতিফ জানান, প্রায় এক মাস আগে এই কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। তবে গতকালের অগ্রিকান্ডের ঘটনাটা আমাকে কেউ জানায়নি।
সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মো. আনোয়ার পারভেজ বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।