চাঁপাইনবাবগঞ্জ, ২১ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ট্রাকের ৩২০টি যন্ত্রাংশ ও ১০ টন পাথরসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন ২০২৬ তারিখ রাত ৮:৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জের পিরোজপুর এলাকায় অভিযান চালায়।
এসময় একটি বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি করে ভারতীয় পাথরের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩২০ পিস ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানের সময় ট্রাকের ১০ টন পাথরসহ আসামী মোঃ মাহফুজুর রহমানকে (২৩) আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। জব্দকৃত মালামালসহ ট্রাকটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।