নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম. আর. শামীম মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আয়োজিত ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট – এসআইডিই ২০২৪ – বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন।
হাই কমিশনার ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির “মেইক ইন ইন্ডিয়া” ও “মেইক ফর দ্য ওয়ার্ল্ড” এর দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তুলে ধরেন, যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে অভূতপূর্ব বিনিয়োগকে উৎসাহিত করেছে এবং ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।
হাই কমিশনার এসআইডিই ২০২৪-কে বাংলাদেশের সাথে অংশীদারত্বে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে বর্ণনা করেন, যার মধ্যে ভারত সরকার কর্তৃক বাংলাদেশ সরকারকে প্রদত্ত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিটের ব্যবহার অন্তর্ভুক্ত।
হাই কমিশনার উল্লেখ করেন যে, ভারত বাংলাদেশের সাথে প্রতিরক্ষা উৎপাদনের সক্ষমতার বিস্তৃত দিকসমূহ ভাগ করে নিতে ইচ্ছুক, যার মধ্যে রয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি।
তিনি প্রতিরক্ষা উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নীত করার প্রস্তাবও রাখেন।
ভারতের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেরই বেশ কয়েকটি অগ্রগণ্য প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এই আয়োজনে অংশগ্রহণ করে এবং ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি ও প্ল্যাটফর্মের একটি পরিসর প্রদর্শন করে উপস্থাপন করে।
উক্ত সেমিনারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।