নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ ওয়াহেদুজ্জামান (উপ পরিচালক) হাসপাতালে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) ২:৩০মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না………..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ৭ মাস।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ ওয়াহেদুজ্জামান (উপ পরিচালক) এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
এক শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মরহুম ডা: মোহাম্মদ ওয়াহেদুজ্জামান খুব অল্প বয়সেই ভালো চিকিৎসক হয়ে উঠেছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। কর্তব্য পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। এটি খুবই অকাল মৃত্যু। তাঁর মৃত্যুতে দেশ একজন উদীয়মান, দক্ষ চিকিৎসক এবং সংগঠককে হারালো। এই ক্ষতি সহজে পুরণ হবার নয়।”
স্বাস্থ্যমন্ত্রী মরহুমের রূহের প্রতি শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।