ঢাকা, ০৫ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’- প্রতিপাদ্যে আগামীকাল (৬মার্চ) “জাতীয় পাট দিবস-২০২৬” উদযাপিত হচ্ছে। কাল পাট দিবস উদযাপন অনুষ্ঠান ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে যেখানে মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে থাকবেন।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (০৫ মার্চ) মন্ত্রণালয়ে ব্রিফিং আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন, বন্ধ থাকা পাটকলগুলো বর্তমান সরকার পুনরায় চালু করতে কাজ করছে, যাতে কর্মসংস্থান বাড়ানো যায়। তাই মন্ত্রণালয় ইজারা প্রক্রিয়াতে চালু করে কর্মসংস্থান তৈরি করছে। ইজারায় দেয়া ৯টি মিলে ৭২০০ জন কাজ করছে যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক। এদিকে রফতানিতে কাঁচাপাট রফতানি অলাভজনক তাই সরকার (ফিনিশড পণ্য) প্রক্রিয়াগত পাটপণ্য রফতানিতে আগ্রহী আর এতে উদ্যোক্তাদের জন্য কর ছাড় সুবিধা আছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম আরও বলেন, পাটের সাথে দেশের ইতিহাস ও ঐতিহ্য এবং অর্থনীতি মিশে আছে। পাট ও পাটজাত পণ্যের রফতানি চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত আয় করেছে ৪১৮.৬৯ মিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের এই সময়ের চেয়ে বেশি-তা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা হবে যা পূরণে পাটখাত ভূমিকা রাখবে।
এসময় বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জাতীয় পাট দিবস উদযাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে কাল ৬ মার্চ থেকে ০৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে।