সাতক্ষীরা, ৬ অক্টোবর ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরায় সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে আয়োজিত এ মানববন্ধনে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলীর সভাপতিত্বে ও জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অংশ নেন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী, শ্রমজীবী মানুষ ও ভুক্তভোগী সাধারণ রোগীরা।
মানববন্ধনে গণ আন্দোলন জোটের আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী বলেন, ডা. আব্দু সালাম একজন প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি হয়েও অনৈতিক ও অপেশাদার আচরণে লিপ্ত। তিনি নারীকর্মীদের হয়রানি করেন, নিয়মিত মদ পান করেন, অফিসে মদ্যপ অবস্থায় আসেন এবং সরকারি দায়িত্বকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন।
তিনি আরও বলেন, সাতক্ষীরার মানুষ তার মতো ব্যক্তির অধীনে স্বাস্থ্যসেবা চায় না। সরকারকে অবিলম্বে তার মত মদ্যপ নারীলোভীকে অপসারণ করতে বলা হচ্ছে।
সাতক্ষীরা জেলা ভূমীহীন সমিতির সাধারণ সম্পাদক আ্দুস সামাদ গাজী বলেন, একজন সিভিল সার্জন যদি নিজের আচরণ দিয়ে পুরো জেলার সুনাম নষ্ট করেন, তাহলে সেটা জেলার মানুষের প্রতি অবমাননা। তিনি অফিসের নারীকর্মীদের তার বাসায় ব্যক্তিগত কাজে বাধ্য করেন এমন অভিযোগ বহুবার উঠেছে। থানায় অভিযোগও হয়েছে। অনেকে ভয় বা চাকরি হারানোর আশঙ্কায় মুখ খুলতে পারেন না। এটা স্বাস্থ্য সেক্টরের জন্যও লজ্জাজনক।
মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী বলেন, আমরা নারীরা এখন অফিসে নিরাপদ নই। একজন নারীকর্মী যদি সিভিল সার্জনের অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে তাকে অন্য জায়গায় বদলি বা চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে আমরা কিভাবে কাজ করবো?
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়।
এসময় “দুর্নীতিবাজ সিভিল সার্জনের অপসারণ চাই”, “নারী নির্যাতনকারীর বিচার চাই”, “সাতক্ষীরার স্বাস্থ্য প্রশাসন বাঁচাও” ইত্যাদি শ্লোগানে মুখর হয়ে ওঠে।
পরে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক আন্দোলনকারীদের দাবীর বিষয়ে উপর মহলের সাথে কথা বলার ব্যাপারে নির্দেশনা এবং ওসির কথায় আশ্বস্ত হয়ে তারা ঘেরাও কর্মসূচী প্রত্যাহার করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভপতি শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের একাংশের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, শ্রমিকদল নেতা রেজা, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পদাক ফারুক হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভপতি আব্দুর রউফ রাজা, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম প্রমূখ।