মুন্সিগঞ্জ (সিরাজদিখান), ৪ আগস্ট ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনে নিষেধ করায় জাতীয় দৈনিক খবর পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি এবং দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হাবিবুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামের ব্যাংক এশিয়া সংলগ্ন মা আমিরান হাসপাতালের গলিতে।
এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী হাবিবুর সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের নেকবর আলীর ছেলে শেখ সাদি (৩০) কে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় হাবিবুর তার বাসায় ফেরার পথে মা আমিরান হাসপাতালের গলিতে শেখ সাদিকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখেন। এ সময় তিনি বিষয়টি নিষেধ করলে শেখ সাদি সেখান থেকে সরে যায়।
পরদিন রোববার (৩ আগস্ট) সাদি ফোন করে হাবিবুরকে একই স্থানে যেতে বলে। সেখানে গেলে অজ্ঞাত আরও তিন-চারজনকে সঙ্গে নিয়ে হাবিবুরকে হত্যার হুমকি ও মারধরের চেষ্টা করে সাদি। স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত সাদি তার দলবল নিয়ে হাবিবুরের বাড়িতে গিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে স্থানীয় এক দোকানদার (নাম প্রকাশে অনিচ্ছুক) তিনি জানান, হাসপাতালের এই গলিতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। কেউ কিছু বললেই হুমকি-ধমকি দেওয়া হয়। প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।< উক্ত বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।