।। শাহিন বিশ্বাস ।।
খুলনা, ১১ মার্চ ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় উত্তেজিত জনতার গণপিটুনি থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
গতকাল ১০ মার্চ রাত ১০ টায় বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বাধীন দক্ষিণ তলুইগাছা গ্রামে স্থানীয় বাসিন্দা মোঃ কামরুল ইসলামের একটি বাইসাইকেল চুরির অভিযোগে মোঃ আবুল হাসান (৩০) নামের এক ব্যক্তিকে ধরে উত্তেজিত জনতা মারধর শুরু করে। খবর পেয়ে বিজিবি’র তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে গণপিটুনি রোধ করে এবং অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের নিকটবর্তী বিওপি/পোস্ট থেকে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বিজিবি। পরে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সংবাদ প্রেরণ করা হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাতে বাধা প্রদান করে।
পরবর্তীতে উত্তেজনা ঠেকাতে ব্যাটালিয়ন সদর থেকে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কোনো প্রকার বল প্রয়োগ না করে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়। এবং ১১ মার্চ রাত ১.১০ মিনিটে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়।