।। শাহিন বিশ্বাস ।।
খুলনা ব্যুরো, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সেতুর সংযোগ সড়কে ভয়াবহ গর্ত সৃষ্টি হওয়ায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।
বিষয়টি নিয়ে ১১ ফেব্রুয়ারি দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকায় ‘সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে গর্ত, ভয়াবহ দূর্ঘটনায় প্রানহানীর শঙ্কা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সংবাদটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা ও তালা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) দ্রুত পদক্ষেপ নেয় এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু হয়। এতে করে যাত্রী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন হয় এবং দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয়দের দাবি এই গুরুত্বপূর্ণ সড়কের দীর্ঘস্থায়ী সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত নজরদারি করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি আর সৃষ্টি না হয়।
উক্ত বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জানান, গর্ত সৃষ্টি হওয়া স্থানটিতে কংক্রিটের ব্লক দিয়ে স্থায়ীভাবে সংস্কার কাজ করতে হবে। তা না হলে পুনরায় এখানে গর্তের সৃষ্টি হবে।
স্থানীয়রা দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সংস্কারের কাজ শুরু হওয়ায় আপামর মানুষের পাশে থাকায় পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।