।। শাহিন বিশ্বাস ।।
খুলনা ব্যুরো, ১১ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরা তালার ইসলামকাটীতে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুর সংযোগ সড়কে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের সংযোগ সড়কের একাংশ দেবে গিয়ে বিশাল গর্তের তৈরি হয়েছে। গর্তের কারনে ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে সড়কটি।
সংযোগ সড়কটির পাশেই তালার রেজিঃ অফিস থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন ও পথচারী এই সেতু দিয়ে যাতায়াত করে। বিশেষ করে রিকশা, মোটরসাইকেল ও ছোট যানবাহনের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোন সময়ে ঘটতে পারে প্রানহানীর মতো ঘটনা।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক দৈনিক রাষ্ট্রীয় সংবাদকে জানান, ব্রিজটিতে যেখানে গর্তের সৃষ্টি হয়েছে সেখানে ইট বা কংক্রিটের ঢালাই দিয়ে পানি সরার ব্যবস্থা বন্ধ করতে হবে। তা না করে শুধুমাত্র সংস্কার করলে সংস্কার কাজটি টিকবে না। পানির স্রোতে বারবার ভেঙে পড়বে।
স্থানীয় ইউপি সদস্য আছাদুজ্জামানসহ এলাকাবাসীরা দাবি জানান, যদি দ্রুত মেরামত করা না হয়, তবে বড় ধরনের দূর্ঘটনা ঘটে প্রানহানী হতে পারে। সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যা সমাধানে ব্যবস্থা নেয় এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ তাদের।
উক্ত বিষয় তালা উপজেলা (এলজিআরডি) প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার দৈনিক রাষ্ট্রীয় সংবাদকে জানান, রাস্তাটি জনগুরুত্বপূর্ণ এবং এই রাস্তার ব্রিজের এপ্রোচে একটি গর্তের সৃষ্টি হয়েছে। যেটা এলসিএস কর্মীদের দিয়ে আপাতত মেরামত করা হবে এবং পরবর্তীতে মোবাইল মেইনটেইনেসের মাধ্যমে বাকিটুকু সংস্কার করা হবে।