সাভার, ১৭ অক্টোবর ২০২৪ (দৈজাস):
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকার গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের কয়েক শতাধিক পোশাক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছিলেন।
পরে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়। কিন্তু কারখানা চালু হলে আবার শ্রমিকদের মেনে নেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ ভঙ্গ করে। সে কারণে ওই কর্মকর্তাদের অপসারণের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
কয়েক জন শ্রমিক দৈনিক ‘জাতীয় সংবাদ’কে জানান, শাহরিয়ার গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলামের নানান অভিযোগ প্রসঙ্গে একদফা এক দাবি পদত্যাগ চেয়ে আমরা রাস্তায় বন্ধ করে সড়ক অবরোধ করেছি।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী দৈনিক ‘জাতীয় সংবাদ’কে বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে প্রায় ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছিলো। তবে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হয়েছে। শেষে যৌথ বাহিনী শ্রমিকদের সাথে কথা বলে তাদের পুনরায় কারখানার গিয়ে কাজ করতে বলেন।