॥ ফরহাদ হোসেন ॥
ঢাকা, ১৭ আগস্ট, ২০২৪ (দৈজাস):
সড়কে শৃঙ্খলা ও স্বচ্ছতায় জনগনের একাত্বতা ও একীভূত করার লক্ষ্যে সকল ছাত্র, সাধারণ জনগণ, বুদ্ধিজীবী, মননশীল ব্যক্তিসহ সকলের সমন্বয়ে সুষ্ঠভাবে ট্রাফিক কন্ট্রোল ও নিরাপদ সড়কের দাবীতে শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে Reform Bangladesh Intelligence and safe mobility for all (RB-ISMA) সংবাদ সম্মেলনের আয়োজন করে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজকের এ অবস্থানে পৌঁছাতে পেরেছি।
আসিফ মাহমুদ বলেন, অনেক রক্ত, অনেক শহীদ, অনেক পরিবারের কান্না এবং আমাদের আহত অনেক ভাই-বোনেরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
তিনি বলেন, আপনারা একটি সংকটময় মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি আরো বলেন, সংখ্যালঘুদের উপরে আক্রমন করার চেষ্টা করেছে। আমাদের ভলেন্টিয়াররা সেখানেও এগিয়ে গিয়েছেন। দিন-রাত এক করে তারা মন্দির পাহারা দিয়েছেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এখন পুরো পৃথিবী অনুধাবন করছে বাংলাদেশ যে অবস্থানে ছিলো, সেখানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। কারণ জেনারেশন পরিবর্তন হয়েছে। সামনের দিনগুলোতে যেহেতু ট্রাফিক পুলিশ ব্যাক করছে।
উপদেষ্টা বলেন, স্কুল-কলেজ খুলে যাচ্ছে সেহেতু আপনারা যারা শিক্ষার্থীরা কাজ করেছেন তারা স্কুল-কলেজে ফিরে যাবেন। বিশ্ববিদ্যালয়ের যারা আছেন যতক্ষণ পর্যন্ত ট্রাফিক পুরোপুরি প্রশাসনের কন্ট্রোলে না আসে আপনারা তাদের সহযোগিতা করবেন।
আসিফ মাহমুদ বলেন, যেহেতু আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আপনারা যারা এতদিন ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন এটা একটা অ্যাওয়ারনেসের দায়িত্ব থেকে করে গেছেন।
তিনি বলেন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আপনাদের ট্রাফিকের দায়িত্ব শেষ হলে একটি সোস্যাল অ্যাওয়ারনেস ট্রেনিংয়ের আয়োজন করবো।
উক্ত সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো: মুনিবুর রহমান, আরবি-আইএসএমএ এর সদস্যবৃন্দরা।