গাইবান্ধা, ২৮ জুন, ২০২৪ (দৈরাস):
গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন(৫০) ও সোনা মিয়া(৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ জুন, ২০২৪ ইং) সকাল সাড়ে ১১টার দিকে পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নাম স্থানের ওই নদীর পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাদের মধ্যে ফারুক হেসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্বজনরা জানান, বুধবার (২৬ জুন, ২০২৪ ইং) রাতে ফুলছড়ির উপজেলার কালিরক্যাশ নামক চরে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা মিয়া। অনেক খোঁজাখুঁজির একপর্যায় আজ শুক্রবার সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটস্থালে গিয়ে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।