সাতক্ষীরা, ২০ এপ্রিল, ২০২৪ (দৈরাস):
সুন্দরবন-সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামের এক মৌয়াল নিহত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল, ২০২৪ ইং) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামানসহ কয়েকজন চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন।
এসময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে তাকে ধরে গহীন বনে নিয়ে যেতে থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাটিসোঁটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু ইতোমধ্যে তার মৃত্যু ঘটে।
মৌয়ালের কাছ থেকে সংবাদ পেয়ে বন বিভাগের লোকজন নোটাবেকী নামক স্থানে গিয়ে তার মরা দেহটি উদ্ধার করে এবং তার পরিবারের কাছে হস্তান্তর করে।