নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, বিরল স্থলবন্দর পুর্ণাঙ্গভাবে চালু হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। এখন রেলওয়ের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু আছে। এই স্থান দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচলেও সম্ভাবনা রয়েছে। এই স্থলবন্দরটি অর্থনৈতিক গুরুত্ব বহন করে। অচিরেই বন্দরটি চালু হবে, একইসঙ্গে এখানে ভারতীয় ভিসা সেন্টার চালুর সম্ভাবনা রয়েছে। এখন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
সোমবার (৮ এপ্রিল, ২০২৪ ইং) দিনাজপুর জেলার বিরল উপজেলার পাকুড়া ও ভারতের রায়গঞ্জ জেলার রাধিকাপুর অংশে বিরল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানিয়েছেন।
এর আগে, বিরল স্থলবন্দর ও রেলওয়ে লাইন পরিদর্শন করেন মনোজ কুমার।
এ সময় বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক মনোজ দাস, বিরল পৌর মেয়র সবুজ রহমান সাগর, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।