নাটোর, ২৮ মার্চ, ২০২৪ (দৈরাসং):
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক’র অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার, সিংড়া এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার, (২৮ মার্চ, ২০২৪ ইং) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১টা থেকে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সিংড়া উপজেলার নলবাতা বাজার এলাকায় অবস্থিত সাকিব স্টোরকে (স্বত্বাধিকারীঃ মো: সাকিব) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার ৫ শত টাকা, একই বাজার এলাকায় অবস্থিত মা কসমেটিক্সকে (স্বত্বাধিকারী: মো: পলাশ) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিকস সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত দুই ভাই স্টোরকে (স্বত্বাধিকারী: মো: শাহ আলম) মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত সাত ভাই স্টোরকে (স্বত্বাধিকারী: মো: মজনু) মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত মাহমুদ ফার্মেসীকে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
নাটোর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকশ ব্যাটালিয়ন টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ সহকারী পরিচালক।