মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে বৃহস্পতিবার (২৮ মার্চ, ২০২৪ ইং) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার অবস্থা মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।
এসময় কয়েকটি মুদি ও ফলের দোকান এবং কাচা বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য এবং পচা ফল বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১টি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা বলেন, আমাদের মোবাইলকোর্ট অব্যাহত রয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী কোন পণ্য মজুদ করে রেখে চওড়া দামে বিক্রি করতে চায় তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় এনে মোবাইলকোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।
উক্ত অভিযানের অংশ হিসেবে যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।