হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তঃঅনুষদীয় ও আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা-(২০২৬-২৭)।
সোমবার (০৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় রয়েছে আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন (ছাত্র ও ছাত্রী), টেবিল টেনিস, দাবা ও ক্যারাম। পাশাপাশি আন্তঃহল পর্যায়ে ছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুব উল হাসান।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ ও ৯টি হলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আন্তঃঅনুষদীয় পর্যায়ের প্রতিটি ইভেন্টে প্রতিটি অনুষদ থেকে ৮টি করে দল অংশগ্রহণ করছে। ফলে বিভিন্ন ইভেন্টে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি জমে উঠবে বলে আশা করছেন।
উদ্বোধনের পর থেকেই প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খেলোয়াড়দের পাশাপাশি জিমনেশিয়ামে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও দর্শকরা।
সপ্তাহব্যাপী এ আয়োজনে একাধিক ইভেন্টে শিক্ষার্থীদের মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে ক্যাম্পাসে ক্রীড়ামুখর পরিবেশ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।