নিউইয়র্কে অনুষ্ঠিত ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক মনোনীত বাংলাদেশের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সাথে আলোচনা হয়েছে।
বৈঠকটিতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ. কে. এম. ওয়াহিদুজ্জামান।
বাংলাদেশে মেটার বিশাল ব্যবহারকারী গোষ্ঠীর কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে কোম্পানিটির সম্পর্ক এবং দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স ইকোসিস্টেমকে শক্তিশালী করার সুযোগগুলোও তুলে ধরা হয়, যার মধ্যে মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, এসএমই এবং ডিজিটাল বাণিজ্যকে সহায়তা করতে পারে, সে বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
তিনি মেটাকে বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য আমন্ত্রণ জানান এবং অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, সময় স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী বৈঠকটিতে যোগ দিতে পারেননি।