দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি যোগাযোগ আরও সহজ ও দ্রুততর করতে নারায়ণগঞ্জের কাঁচপুর-ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালিত নারায়ণগঞ্জ (কাঁচপুর)-ভোলা (ইলিশা) ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির ২৮ নম্বর আদেশের মাধ্যমে গঠিত একটি সরকারি স্বায়ত্তশাসিত সেবাদানকারী ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। দেশের গুরুত্বপূর্ণ নদী সংযোগে নিরবচ্ছিন্ন ফেরি পারাপার, রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পূর্ব ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ স্থাপন এবং উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও যানবাহন পরিবহনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বর্তমানে বিআইডব্লিউটিসি ৭টি অভ্যন্তরীণ রুটে ফেরি সার্ভিস পরিচালনা করছে। এর পাশাপাশি ২০২৫ সালে চট্টগ্রাম (সীতাকুণ্ড)-সন্দ্বীপ (গুপ্তছড়া) এবং ২০২৬ সালে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে উপকূলীয় ফেরি সার্ভিস চালু করা হয়েছে।
দ্বীপ ও দ্বীপাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সহজীকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমতা বিধানের লক্ষ্যে গত ২৭ আগস্ট ২০২৬ থেকে ভোলার ইলিশা ও নারায়ণগঞ্জের কাঁচপুরের মধ্যে পরীক্ষামূলকভাবে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়।
এ রুটে বিআইডব্লিউটিসির ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি নিয়োজিত রয়েছে। প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে ফেরি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। কাঁচপুর-ভোলা রুটে এক ট্রিপে ফেরি পরিচালনায় সময় লাগে প্রায় ৮ ঘণ্টা।
সদ্য চালু হওয়া এই ফেরি সার্ভিসটি ভোলা জেলার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, পণ্য পরিবহনকারী ও ট্রাকচালকরা এ রুট ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সরাসরি ফেরি যোগাযোগ চালু হওয়ায় ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের পণ্য ও যাত্রী পরিবহন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
নারায়ণগঞ্জের কাঁচপুরের সঙ্গে ভোলার ইলিশার সরাসরি ফেরি যোগাযোগ দ্বীপ জেলা ভোলার মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে এর ইতিবাচক প্রভাব পড়বে।
এ ফেরি সার্ভিস চালুর ফলে বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রতিষ্ঠানটিকে ক্রমান্বয়ে আরও সক্ষম ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ (কাঁচপুর)-ভোলা (ইলিশা) সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আগামীকাল বিকাল ৫টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।