বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২,০০,০০০ (দুই লাখ) পিস ইয়াবা জব্দ করেছে।
বুধবার (২৬ আগস্ট) আনুমানিক রাত ১০টার দিকে নিয়মিত টহল পরিচালনাকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির টহলদল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দায়িত্বপূর্ণ ফারির বিলের গুর্জাখাল রুবেলের ঘের নামক স্থানে কতিপয় ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে।
এ সময় টহলদল দেখতে পায়, মিয়ানমার থেকে ০৬ জন ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতে থাকা পোটলাগুলো ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ০৬টি পোটলার ভেতর থেকে খাকি রঙের নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো আনুমানিক ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালানো হলেও এ সময় আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।