মুন্সীগঞ্জ, ০২ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (০২ মে) বিকাল ৫ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধলেশ্বরী নদীর কালিপুর এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন নৌ-পুলিশেকে খবর দেয়। পরে বিকাল ৫ টার দিকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলার বক্তাবলীর নৌ পুলিশের ফাড়ির ইনচার্জ (পুলিশ-পরিদর্শক) এ কে এম আমিনুল হক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলার মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ধারণা করছি কয়েকদিন আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।