বিনোদন ডেস্ক
তৃতীয় বিয়েটাও টেকাতে পারেননি টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছেলে ঝিনুককে নিয়ে একাই করছেন সংসার। তবে পুরনো সম্পর্ক যেন পিছুই ছাড়তে চায় না তার। যখনই নতুন করে শ্রাবন্তীর মনে প্রেম জাগে, তখনই পুরনো সম্পর্কগুলো ধেয়ে আসে। ঝড় ওঠে তার মনেপ্রাণে। তবে এবারটা ঝড় নয়, বরং নতুন বসন্তের হাওয়া। বহুদিন ধরেই টলিপাড়ায় নতুন করে গুঞ্জন চলছে শ্রাবন্তী আর ‘দেবী চৌধুরানী’ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রের মধ্যে প্রেম চলছে। তবে একথা শুভ্রজিৎ বা শ্রাবন্তী স্বীকার না করলেও, টলিপাড়ার সূত্র কিন্তু এই সম্পর্ককে ইতিমধ্যেই সিলমোহর দিয়ে দিয়েছে। তাদের নিয়ে বেশ কানাঘুষা চলছে। খুব শিগগিরই শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ঘটা করে তাদের প্রেমের সম্পর্কের স্ট্যাটাস দেবেন বলে অনেকেই ধারণা করছেন। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবেই এই বন্ধুত্বের সূত্রপাত তাদের। তারপর থেকেই বন্ধুত্বকে প্রেমের নাম দিতে চেয়েছেন দুজনে। এমন কী, ‘দেবী চৌধুরানী’র শুটিং ফ্লোরেও শুভ্রজিৎ ও শ্রাবন্তীর মধ্যে ভালোবাসার সম্পর্কের সূত্র আঁচ করতে পেরেছেন শুটিং সেটের অনেকেই। তবে টলিপাড়ায় নানা খবর উড়লেও, শুভ্রজিৎ বা শ্রাবন্তী কিন্তু এ ব্যাপারে একেবারেই চুপ। প্রেম নিয়ে শ্রাবন্তীকে কিছু জিজ্ঞাসা করলেই তিনি মিষ্টি হেসে লুকিয়ে যাচ্ছেন নতুন প্রেমের খবর।