নড়াইল, ২০ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নড়াইল সদর উপজেলায় ‘সরদার ফিলিং স্টেশন’ থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হন, পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। লাভলী বেগম পেশায় কৃষাণী ও গৃহিণী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শহরের মাছিমদিয়া গ্রামের তামিম বলেন, ওই নারী মাছিমদিয়া পাম্প থেকে তেল নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে ভ্যানযোগে জেলা হাসপাতালে নিয়ে যাই, তখনও তিনি জীবিত ছিলেন। চিকিৎসা শুরুর মুহূর্তে তার মৃত্যু হয়। ওই নারীর তিন লিটার তেল আমার কাছে রয়েছে।
লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, আমার বোন লাভলী একজন কৃষাণী, দুলাভাই ডাব বিক্রি করেন। আপা বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকাল ৮টার দিকে ডিজেল আনতে পাম্পে যান। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।